কানাডার টরন্টোতে আগামী ১৪ নভেম্বর একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার শিরোনাম ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা।
আয়োজনটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, গত বছরও তিনি টরন্টোতে গান গেয়েছিলেন এবং সে সময় দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলেন। সবার ভালোবাসার টানেই তিনি এবারও টরন্টোতে গাইতে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এবারের আয়োজনেও দারুণ সাড়া পাওয়া যাবে। তিনি আরও জানান, বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি অন্য কমিউনিটির মানুষের মধ্যেও এই অনুষ্ঠানটি নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
সংগীত ও নৃত্যের পাশাপাশি এই আয়োজনে থাকছে বিশেষ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে জোনায়েদ আনোয়ারের দোতারা এবং জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর বাঁশির সুর থাকবে। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটির আয়োজনে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা আহমেদ ও অজন্তা চৌধুরী।