ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের কবলে থাকা সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো দেশজুড়ে সরকারি কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি এক টেলিভিশন ভাষণে এই কঠোর সামরিক অভিযানের ঘোষণা দেন।
বিশ্লেষকদের ধারণা, ইয়েমেন সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের সবুজ সংকেত ছাড়া প্রেসিডেন্ট আল-আলিমি এই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেননি। উপকূলীয় অঞ্চল ও কৌশলগত বাব আল-মানদেব প্রণালি হুথিদের দখলে চলে যাওয়া এবং সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুথিরা ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে গুরুত্বপূর্ণ শহর তাইজের সংযোগ রক্ষাকারী প্রধান সরবরাহ পথটি বিচ্ছিন্ন করে দিয়েছে। সামরিক সূত্রের বরাতে জানা যায়, এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হুথিরা তাইজ শহরকে অবরুদ্ধ করে ফেলেছে। গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের ফেলো ফারেয়া আল-মুসলিম জানান, তাইজ পুরোপুরি দখলে নিতে না পারলেও এডেন থেকে শহরটিকে বিচ্ছিন্ন করার সামরিক লক্ষ্য অর্জনে হুথিরা সফল হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখলের মাধ্যমে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা করে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম উত্তেজনার মধ্যে গত জুলাই মাস থেকে ইয়েমেন যুদ্ধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করেছে।