কারা অধিদপ্তরের শীর্ষ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে এই দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন তাঁর নিজ বাহিনীতে ফিরে যান। তিনি বিদায় নেওয়ার প্রায় এক মাস পর শূন্য হওয়া এই গুরুত্বপূর্ণ পদে নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।
কারা অধিদপ্তরের অন্যান্য শীর্ষ পদেও রদবদল করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। অন্যদিকে, এত দিন অতিরিক্ত কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin