চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশনায় তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ জানান, কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন এক ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়েছেন। এ কারণেই তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জসিম উদ্দিন। ওই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন পেয়েছিলেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।