সৌদি আরবের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির সরকার সমর্থিত বাহিনী জানায়, হুথিদের কাছ থেকে তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা একটি বড় অভিযান শুরু করতে যাচ্ছে। রাজধানী সানাসহ হুথি বিদ্রোহীদের দখলে থাকা অন্যান্য অঞ্চলগুলো মুক্ত করার জন্য ইয়েমেনি সরকারি বাহিনীর যে বৃহৎ পরিকল্পনা রয়েছে, আল ওয়াজিয়াহ জেলাটি উদ্ধারের আসন্ন অভিযানটি তারই একটি অংশ।
একই সঙ্গে ইয়েমেনের মারিব অঞ্চলে হুথিদের ছোঁড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এ বিষয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী বলেন, লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার ওপরই দেশের সামগ্রিক স্থিতিশীলতা নির্ভর করছে। চলমান এই পরিস্থিতিতে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সরকারের পক্ষ থেকে আরও বেশি সমর্থন ও সহায়তা বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
অন্যদিকে, বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসরমান ইয়েমেনি সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করার দাবি করেছে হুথিরা। সশস্ত্র গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এই হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।