রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে শুক্রবার দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ। এ সময় ফিরোজা মাহমুদ ক্যানসার আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এই ফাউন্ডেশনের পাশে সবসময় থাকার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বাংলাদেশে বিগত দুই-তিন দশকে ক্যানসার রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধির কথা উল্লেখ করেন। নিজের পরিবারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ক্যানসার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি তার শাশুড়ি ও মাকে হারিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় হাসপাতাল, যন্ত্রপাতি ও পর্যাপ্ত ডায়াগনসিসের অভাব রয়েছে। ফলে রোগ নির্ণয়ের সময় অনেক ক্ষেত্রে দেরি হয়ে যাওয়ায় রোগীরা থার্ড বা ফোর্থ স্টেজে পৌঁছে যান, যেখানে প্রিয়জনের কষ্ট দেখা ছাড়া আর কিছু করার থাকে না। তিনি দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের, বিশেষ করে উপস্থিত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার বাবা-মাকে তাদের সবরের জন্য প্রশংসা করেন।
ফাউন্ডেশনের প্রচার ও প্রসারের বিষয়ে ড. মাহমুদুর রহমান বলেন, আমার দেশ একটি প্রধান জাতীয় পত্রিকা হিসেবে ফাউন্ডেশনের উদ্দেশ্য প্রচার এবং মানুষের সহযোগিতা চেয়ে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন, এমন একটি ভালো প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না। আগামীকাল থেকেই পত্রিকার পক্ষ থেকে প্রচারের দায়িত্ব নেয়া হবে যাতে দরিদ্র জনগোষ্ঠী ফাউন্ডেশনের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনার সাথে যুক্ত বন্ধুদের সাথে তিনি সবসময় সম্পৃক্ত থাকবেন বলেও জানান।
দেশে ক্যানসার চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, আমাদের মেধাবী ডাক্তার থাকলেও সুযোগ-সুবিধা, ট্রেনিং ও স্পেশালাইজেশনের অভাব রয়েছে। চিকিৎসার জন্য রোগীদের পার্শ্ববর্তী দেশে ছুটতে হয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় যেন ক্যানসার অসুখটিকে প্রায়োরিটি বেসিসে গুরুত্ব দেয়। উল্লেখ্য, দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশন দরিদ্র রোগীদের নিয়ে কাজ করছে এবং আবাসন সুবিধা ও হাসপাতালে ভর্তির সুযোগ না থাকা রোগীদের জন্য তাদের ক্যানসার হোমে ভর্তির ব্যবস্থা রয়েছে।
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২১: ৩৬আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২১: ৩৮