বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি বর্তমানে আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল নিশ্চিত করেন যে, বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে এবং ভারত সেই আবেদন হাতে পেয়েছে। তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। বিষয়টি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই আবেদনটি বিবেচনা করা হবে।
একই ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে সংঘটিত এক রাজনৈতিক হত্যাকাণ্ডে অভিযুক্ত এবং বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা কোনো ব্যক্তিকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে নতুন কোনো প্রত্যর্পণের আবেদন এসেছে কি না। এর জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত নন এবং বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে। তবে তিনি পুনরায় উল্লেখ করেন যে, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধই দেশের প্রচলিত আইন এবং বিচারিক প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।