মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার গ্রিনিচ মান সময় ৫টা ৫৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভয়াবহ এই ভূমিকম্পের পর দেশটির রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষকে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের ছোট শহর পিতালোজা আররিবা থেকে ১০ কিলোমিটার দূরে। প্রথমদিকে এর মাত্রা ৮.০ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা ৭.৭ হিসেবে নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে বা শ্যালো ডেপথ। কম গভীরতায় উৎপত্তিস্থল হওয়ায় এর তীব্রতা ও ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। রাজধানী পানামা সিটি, যা উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত, সেখানেও তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় লোকজনকে দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে মারাত্মক সুনামির পূর্বাভাস ও সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, মেক্সিকো থেকে শুরু করে পেরু পর্যন্ত বিস্তৃত পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে মারাত্মক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের পর আগামী ৩ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও ধ্বংসাত্মক সুনামি ঢেউ তৈরি হতে পারে। উপকূলের মানুষ সমুদ্রে ভেসে যাওয়া বা পানির তোড়ে ভেসে আসা ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছেন। উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে এবং উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের দ্রুত নিরাপদ ও অপেক্ষাকৃত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।