রংপুরের পীরগঞ্জে পৌরসভার একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাজীগঙ্গারামপুর গ্রামে পৌরসভার নিজস্ব জায়গায় নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুর সদরের শিহাব মিয়া। এছাড়াও এ ঘটনায় বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়া নামে আরও তিন শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় মোট ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ শাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পরই ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন-২০২০-এর কোনো কর্মকর্তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারা সবাই ভবন এলাকা থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছিল এবং স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে আলোচনার পর আইনি প্রক্রিয়া শুরু করা হবে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারী জানিয়েছেন যে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।