নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ সারভাইভারদের টেকসই পুনর্বাসন এবং তাদের জন্য বিদ্যমান সেবা ও সহায়তা আরও কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে একটি অংশীজন সমন্বয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে নরসিংদীর অরবিট রেস্তোরাঁ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় কর্মশালাটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আতাউর রহমান সরকার এবং কেস ম্যানেজার–সোশ্যাল সার্ভিস রিয়েনা হক নিঝু। কর্মশালায় স্থানীয় প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সংস্থা, সামাজিক সংগঠন, মানব পাচার প্রতিরোধে সক্রিয় সংস্থা এবং সারভাইভার প্রতিনিধি মিলিয়ে মোট ২০ জন অংশগ্রহণ করেন।
সভায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনের ক্ষেত্রে মনোসামাজিক সহায়তা, কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন রেফারেল সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সারভাইভারদের প্রয়োজনভিত্তিক সেবা প্রদানের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে একটি শক্তিশালী রেফারেল ম্যাকানিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নরসিংদী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর জানান, পাচারের শিকার সারভাইভারদের প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে তারা সহযোগিতা করবেন। এছাড়া পোল্ট্রি ফার্মের সঙ্গে সম্পৃক্ত সারভাইভারদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সহায়তার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশন অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
শিপলো স্পিনিং মিলসের এইচআর ম্যানেজার জানান, তাদের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ ৪ জন সারভাইভারকে ইলেকট্রিশিয়ান পদে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডেমো) ম্যানপাওয়ার সার্ভে অফিসার হারুনুর রশিদ সিকদার সারভাইভারদের ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করার আশ্বাস দেন। কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার পিয়ারুল হাসান আশ্বাস প্রকল্পের সারভাইভার ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ঋণ সুবিধা ও সহজীকরণের প্রতিশ্রুতি প্রদান করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের লিগ্যাল এইড আইনজীবী শিরিন সুলতানা মৌ, গ্রাম আদালতের কোঅর্ডিনেটর মনি আক্তার, রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক এসএম শরীফ মিয়া ও নারী উদ্যোক্তা সালমা। অংশগ্রহণকারীরা প্রকল্প পরবর্তী সময়েও সেবা অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি-বেসরকারি সমন্বয়ে একটি স্থায়ী ইউনিট বা প্ল্যাটফর্ম গঠনের পরামর্শ দেন।