ভারতের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে এক শিশুসহ মোট ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান সর্বজনীন দুর্গাপূজামণ্ডপে এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল। বের হওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল এবং চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে কলকাতার এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথগুলো বেশ সরু ছিল এবং এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। ভিড়ের চাপে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে অনেকে মোটরসাইকেল ব্যবহার করেন।
দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। এছাড়া রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন।