নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন। তিনি জানান, একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ট্রাকচালকও নিহত হয়েছেন। নিহত বাকিরা বাসের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার কাজ শেষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।