চট্টগ্রামের পটিয়ায় ১৬ লাখ টাকা মূল্যের ৩০০ বস্তা চিনিসহ একটি কাভার্ডভ্যান গায়েবের ঘটনায় চকরিয়া থেকে আরও সাড়ে ৭ টন চিনির একটি চালান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকায় হারবাং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেলের একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে এই চিনিগুলো জব্দ করা হয়।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত লুণ্ঠিত ৩০০ বস্তার মধ্যে মোট ২৮৪ বস্তা বা ১৪.২ টন চিনি উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাভার্ডভ্যান চালক মো. আলমগীর পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ১৫ টন চিনি আত্মসাৎ করেন। পরবর্তীতে এসব চিনি চকরিয়া ও আজিজনগর এলাকার একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দেওয়া হয়।
এই সিন্ডিকেটের মূলহোতা হিসেবে চিহ্নিত হয়েছেন আজিজনগর বাজারের ‘রাজিব স্টোর’-এর মালিক মো. রাহাত উদ্দিন জুয়েল এবং চকরিয়ার নোনাছড়ির বন্ধ দোকানের মালিক রাসেল, যারা সম্পর্কে দুই ভাই। এর আগে বান্দরবানের আজিজনগর বাজারে জুয়েলের গোডাউন থেকে প্রথম দফায় ১৩৪ বস্তা চিনি উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার নোনাছড়িতে জুয়েলের ভাই রাসেলের বন্ধ টেইলার্স থেকে আরও ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল আহমদ জানিয়েছেন, অভিযানের খবর পেয়ে অসাধু ব্যবসায়ী জুয়েল ও রাসেল পরিবারসহ বাড়ি-ঘর তালাবদ্ধ করে গা ঢাকা দিয়েছেন। ঘটনার পর লুণ্ঠিত চিনির মালিক মো. সিরাজুল ইসলাম পটিয়া থানায় কাভার্ডভ্যান চালক আলমগীর ও মুদি দোকানি রাহাত উদ্দিন জুয়েলকে আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, চালক আলমগীর বিশ্বাস ভঙ্গ করে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ১৬ লাখ টাকার চিনি আত্মসাৎ করেছেন।
পটিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চালক আলমগীরকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় চিনিবিহীন কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছিল।