লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ও কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় সীমান্ত পিলার ৮৩৭-এর ৪-এস নম্বর মেইন পিলারের কাছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজিবি ও স্থানীয় সীমান্তবাসীদের ভাষ্যমতে, ঘটনার সময় বাংলাদেশের অভ্যন্তরে কৃষকরা তাদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের বেশ কয়েকজন সদস্য অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে বিএসএফ সদস্যদের সঙ্গে কৃষকদের কথা কাটাকাটি শুরু হয় এবং তারা লাঠিসোটা নিয়ে কৃষকদের ওপর হামলা চালায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় গ্রামবাসী লাঠি হাতে নিয়ে বিএসএফ সদস্যদের পাল্টা ধাওয়া করেন। গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেল ও সাউন্ড বোমা নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানার ভেতরে পালিয়ে যেতে বাধ্য হয়।
ঘটনার খবর পাওয়ার পরপরই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ এবং গুলি ও বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ঘটনার পর থেকে বামনদল সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
রংপুর ৬১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে পাথর উত্তোলনের বিষয়টিকে ঘটনার কারণ হিসেবে দাবি করা হলেও, প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।