সততা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে একই প্রতিষ্ঠানকে একাধিকবার টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানকেও সুযোগ দেওয়ার সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সুপারিশটি করা হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা দেওয়া হয়। সভায় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়েছে। কমিটি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়ের সব কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছে।
রেশম শিল্পের উন্নয়নে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যান্ত্রিকীকরণের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রঙ ও কাঁচামাল সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে দিনাজপুরের রানীর বন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমি লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, এসএম ফয়সল, মো. আব্দুল্লাহ্, রেজেকা সুলতানা, আফজাল হোসেন, রবিউল বাশার এবং মাহবুবা হাকিম।