চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সক্রিয় সদস্য ও গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক স্কাউটার কে এম মাহফুজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালের দিকে পৌরসভার উপরাজারামপুর গোরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজারামপুর এলাকায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন কে এম মাহফুজুর রহমান।
রবিবার সকালে অনুষ্ঠিত জানাজার নামাজে জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা স্কাউটসের কমিশনার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। জানাজা পর্ব শেষে বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মজীবনে কে এম মাহফুজুর রহমান দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি বদলি হয়ে গোরক্ষনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দেন।
ছাত্রাবস্থা থেকেই স্কাউট আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন মাহফুজুর রহমান। এই সংগঠনে দীর্ঘদিনের সম্পৃক্ততায় তিনি একজন দক্ষ স্কাউট সংগঠক হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করেন। সংগঠনে অবদানের অংশ হিসেবে তিনি সদর উপজেলা স্কাউটসের সম্পাদকের গুরুদায়িত্বও পালন করেন।