দেশে অব্যাহত থাকা ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ইনচার্জ ডা. ইসমত আরার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ২০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। একই সময়ে মশাবাহিত রোগটিতে মোট প্রাণ হারিয়েছেন ৪০৯ জন। এ ছাড়া চিকিৎসা শেষে হাসপাতাল থেকে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।