পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের আমলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর তিলোত্তমায় বসবে সিনেমার এই ৩২তম আসর। ঐতিহ্যগতভাবে প্রতিবছর নভেম্বর মাসে এই উৎসবের আয়োজন করা হলেও এবার শীতের আমেজে এটি অনুষ্ঠিত হবে। এবার আয়োজনের বাহ্যিক রূপ ও পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। উৎসবের লোগোর রঙ নীল থেকে বদলে করা হয়েছে গেরুয়া।
মঙ্গলবার নন্দন চত্বরে সরকারি কমিটির একটি প্রস্তুতি বৈঠক শেষে জানানো হয়, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকতে পারেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাদের পাশাপাশি উদ্বোধনী মঞ্চে দেখা যেতে পারে তারকা অভিনেতা প্রভাসকেও (উপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু)। তাছাড়া কোনো হলিউড তারকাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। নন্দনের প্রস্তুতি বৈঠকে প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়সহ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অভিনেতা মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের জানান, উৎসবের সময়জুড়ে পুরো কলকাতা শহরকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন কমিটির ভাবনা অনুযায়ী, অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিংবা ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হলেও এবার তা আয়োজিত হতে পারে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে। ভিক্টোরিয়া চত্বরে একটি বিশেষ রেড কার্পেট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার আশপাশে দেশের খ্যাতনামা তারকাদের কাটআউট বসানো হবে। নতুন সরকারের প্রথম আয়োজন স্মরণীয় করে রাখতে প্রস্তুতি বৈঠকে ধারাবাহিক আলোচনার মাধ্যমে তোড়জোড় চালাচ্ছে আয়োজক কমিটি।