বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও উর্ধ্বমুখী। নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা এবং তেলের ট্যাংকারে হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।
একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি প্রায় ১০৪ ডলারে লেনদেন হচ্ছে। এই সূচকে দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। বিশ্ববাজারে টানা চতুর্থ মাসের মতো জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে। চলতি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১১ শতাংশ।
তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বব্যাংক সতর্কবার্তা উচ্চারণ করেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছর জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্বব্যাংক আরও জানিয়েছে, চলতি বছর জ্বালানির দাম সামগ্রিকভাবে প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব অর্থনীতির ওপর নতুন করে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।