হরমুজ প্রণালিতে সম্প্রতি চারটি সুপারট্যাংকারের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি জানিয়েছে, দিনের শেষ ভাগে প্রণালির এমন একটি পথ দিয়ে চলাচলের সময় দুটি সুপারট্যাঙ্কার মাইনের আঘাতের শিকার হয়, যে পথে চলাচলের কোনো অনুমতি ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া হয়নি। প্রতিটি ট্যাঙ্কারে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল ছিল।
এর আগে দিনের শুরুর দিকে একই ধরনের আরেকটি ঘটনায় আরও দুটি ট্যাঙ্কার জড়িত ছিল। এর মধ্যে একটি ট্যাঙ্কার প্রণালির দক্ষিণ দিকে এমন একটি পথে মাইনের আঘাত পায়, যেটিকে ইরান অননুমোদিত পথ হিসেবেই চিহ্নিত করেছে।
ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো জাহাজ বা ট্যাঙ্কারকে চলাচল করতে হলে অবশ্যই আইআরজিসির সঙ্গে সমন্বয় করতে হবে। বিশেষ করে প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব যোগাযোগ নিশ্চিত করতে হবে।
এসব ঘটনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রকে একটি শক্ত বার্তা দিতে চাইছে ইরান। তেহরানের বক্তব্য হলো, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো হুঁশিয়ারি সত্ত্বেও সেই নিয়ন্ত্রণ ছাড়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবিকেও চ্যালেঞ্জ জানাচ্ছে, যেখানে বলা হয় হরমুজ প্রণালি উন্মুক্ত এবং সেখানে আইআরজিসির নৌবাহিনীর উপস্থিতির কোনো চিহ্ন নেই। এসব পদক্ষেপের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের ওই দাবির বিপরীত চিত্রটিই বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছে।