যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেশটহেভেন এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাম বিচ কাউন্টিতে অবস্থিত অভিজাত অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল বা ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের তথ্য ও বিমানের গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট নিচে নেমে আসছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরার ভিডিওতে দুর্ঘটনার মুহূর্তটি ধারণ হতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়কে গাড়ি চলার সময় হঠাৎ বিমানটি প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে এবং সাথে সাথেই বিশাল আগুনের গোলা তৈরি হয়। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে দুর্ঘটনাস্থলের ছবিতে সড়কজুড়ে বড় গর্ত, আগুনের ছাপ, বিমানটির ভাঙা অংশ ও কংক্রিটের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
দুর্ঘটনার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে এবং মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপরই বিশাল বিস্ফোরণ ঘটে ও চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে।