চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করলেও বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হচ্ছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, চলতি জুলাই মাসের মধ্যেই এই পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে সংশ্লিষ্টরা ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি।
ফল প্রকাশে খুব বেশি দেরি হবে না জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, আশা করছি চলতি মাসের মধ্যেই আমরা কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারবো। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ ২৪ মে শেষ হয়।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।