বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ওই মামলার নম্বর ২৩।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।