রাজধানীর আরও ৫০টি স্পটে দ্রুত সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ইটভাটার বায়ু দূষণ রোধে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। বিশেষ করে হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে এআই ক্যামেরা বা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।