পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের নারী চিকিৎসক ডা. নাবিলা নুসরাত নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে মোটরচালিত ভ্যান উলটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মিটফোর্ড হাসপাতালে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ জানান, তিনি নিজে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তারা দুজন শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় এসে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন।
ঘটনার বিবরণ দিয়ে ডা. মাইনুল ইসলাম শুভ বলেন, শনিবার বিকেলে একটি মোটরচালিত ভ্যানে চড়ে তারা মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি বিড়াল ভ্যানের চাকার নিচে চলে আসলে চালক যানটির নিয়ন্ত্রণ হারান এবং ভ্যানটি উলটে যায়। এ সময় ভ্যানে থাকা এই চিকিৎসক দম্পতিসহ মোট চারজন পর্যটক ছিটকে পড়েন।
ভ্যানটি উলটে গেলে নিচে ডা. নাবিলার মাথা চাপা পড়ে এবং তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।