জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে না রাখা এবং এক বক্তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা। শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে যে, জেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি রাখা হয়নি। এছাড়া, একজন বক্তা বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করলেও জেলা প্রশাসক ওই সময় কোনো পদক্ষেপ না নিয়ে নিরব ভূমিকা পালন করেছেন। এই ঘটনার জেরে জেলা ছাত্রদল অবিলম্বে জয়পুরহাটের জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে। একই সাথে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এই বিবৃতি প্রদান করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ মুঠোফোনে এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শনিবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে ব্যানারে ছবি সংযুক্ত করে অনুষ্ঠান শুরু করা হলেও এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।