রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই উদ্যোগের অংশ হিসেবে পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে নতুন করে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে এই দুটি ক্যাম্পের বাসিন্দাদের জন্য নিরাপদ পানি সরবরাহ কর্মসূচির আওতায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নলকূপ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
উদ্বোধনকালে মো. আমিনুল হক বলেন, তার নির্বাচনি এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে শতভাগ নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, পানির পাশাপাশি ক্যাম্পের বাসিন্দাদের জন্য বছরব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং নিয়মিত ওষুধ বিতরণ কর্মসূচি চলমান থাকবে। বর্তমান সরকার উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর সমান গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে বিভিন্ন সেমিনারে ঢাকা-১৬ আসনের (পল্লবী-রূপনগর) অন্তর্গত উর্দুভাষী ক্যাম্পগুলোর অবহেলিত ও দুর্বিষহ পরিস্থিতির কথা তুলে ধরে তাদের মৌলিক অধিকার নিশ্চিতের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলেন আমিনুল হক। তারই ধারাবাহিকতায় এই উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর বিশুদ্ধ পানির স্থায়ী সমাধান পেয়ে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘকাল ধরে তীব্র পানি সংকটে ভোগান্তিতে ছিলেন তারা। নতুন এই গভীর নলকূপগুলো চালু হওয়ায় ক্যাম্পের ভেতরে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং দৈনন্দিন জীবনে তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।