বিএনপি নেতা রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পরদিন সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি সেখানে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
নিজের ওপর অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। নতুন এই যাত্রায় জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।