চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আবাসিক এলাকার ভেতর দিয়ে কানেক্টিং রোড নির্মাণের উদ্যোগে তীব্র আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। মঙ্গলবার সকালে সলিমপুর আবাসিক এলাকায় প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে জানান যে, আবাসিক এলাকার প্লট মালিকদের মতামত না নিয়ে এই সড়ক নির্মাণের পরিকল্পনার বিরোধীতা করছে সিডিএ।
সিডিএ চেয়ারম্যান বলেন, জঙ্গল সলিমপুর একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এই এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সেনাবাহিনীর উচিত প্লট মালিকদের মতামতের ভিত্তিতে বিকল্প রুট ব্যবহার করা। সিডিএ সূত্র অনুযায়ী, সংরক্ষিত এই আবাসিক এলাকার ভেতর দিয়ে সরাসরি সংযোগ স্থাপন করা হলে আবাসিকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই স্থানীয়দের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীর জন্য বিকল্প স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিকল্প রুটের প্রাক্কলিত ব্যয় নির্ধারণের পর সেনাবাহিনী সিডিএকে তাদের হালনাগাদ অগ্রগতি সম্পর্কে অবহিত করবে বলে জানা গেছে।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আরও বলেন, মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক নির্মাণের কোনো সুযোগ নেই। তবে সাময়িক ব্যবস্থার অংশ হিসেবে খালের পাড় ধরে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। সভায় তিনি আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকট নিরসনেরও আশ্বাস প্রদান করেন। তিনি জানান, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করার বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে এবং ওয়াসা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। পর্যায়ক্রমে এলাকার সব নাগরিক দুর্ভোগ নিরসন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় সিডিএ ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকায় প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।