চট্টগ্রামের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এসেছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, যাদের মধ্যে মুফতি ইউনুস আহমাদ, মুফতি মানজুর আহমাদ, মুফতি জাকির হুসাইন, মুফতি রকিব উদ্দিন, মুফতি জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমান অন্যতম।
ত্রাণ বিতরণকালে মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে জাতীয় ইমাম পরিষদ গত এক সপ্তাহ ধরে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে। তিনি এ দুর্যোগময় মুহূর্তে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংগঠনের নেতারা আরও বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। ত্রাণ বিতরণ শেষে দেশের শান্তি-সমৃদ্ধি, দুর্যোগ থেকে মুক্তি এবং বন্যার্তদের দ্রুত পুনর্বাসনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি পুনর্বাসনের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ত্রাণ কার্যক্রম শেষে জাতীয় ইমাম পরিষদের নেতৃবৃন্দ চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী এবং পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।