ইরানে নিজেদের সামরিক হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। একাদশ রাতের মতো ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টায় শুরু হওয়া এই হামলার সময় দেশটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতাকে দুর্বল করাই এই হামলার মূল উদ্দেশ্য। সাধারণত সাম্প্রতিক হামলাগুলো দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালিসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে হলেও, এবারের তাবরিজে হামলার ঘটনাটি কিছুটা ভিন্ন ধারার বলে মনে করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া দক্ষিণ ইরানের সিরিক শহর ও বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান তাদের পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পুনরায় হামলা শুরুর পর ইরান কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।