নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমন নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় এক রুশ নাগরিকসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমন প্রাণ হারান।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাতে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ এবং গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার তৎপরতায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।