পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের (সম্মান সমাপনী) ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে কলেজ মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। রসায়ন বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও নতুন চতুর্থ বর্ষের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর যৌথ উদ্যোগে বিভাগের বিদায়ী ৪০ জন শিক্ষার্থীকে ফুল, ম্যাগাজিন ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ওহিদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মো. নাহিম হোসেন ও মো. রাসেল রানা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এছাড়া আয়োজকদের পক্ষে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসলাম আলী বক্তব্য প্রদান করেন। রসায়ন বিভাগের নতুন চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক আলমাস আলীর কন্যা আসমা-উল-হুসনা আরসি এবং একই বর্ষের শিক্ষার্থী আবিদা সুলতানা তনুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর এই বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।