কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজায় উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবী হোসেন পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিনে শ্রদ্ধা নিবেদন করার সময় নবী হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এই স্লোগান দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস জানান, রাজনৈতিক সহিংসতা সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় নবী হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।