গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একসময় যে এলাকাগুলো ময়লার স্তূপে ঢাকা থাকত, সেখানে এখন শোভা পাচ্ছে রঙিন ফুলের বাগান ও নান্দনিক সব গ্রাফিতি। পথচারীদের জন্য একসময় দুর্গন্ধে নাক চেপে চলা বা সন্ধ্যার পর অসামাজিক কর্মকাণ্ডের ভয়ে থাকা এই জায়গাগুলো এখন ঝলমলে আলোকসজ্জায় এক নতুন নগর-চিত্রের ঠিকানা হয়ে উঠেছে।
গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী বিএনএস সেন্টার থেকে কলেজগেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার বিস্তৃত অবহেলিত স্টেশনগুলোকে পরিচ্ছন্ন ও নান্দনিক জনপরিসরে রূপান্তর করেছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, টঙ্গী বাজার, স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী এবং শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন বিআরটি স্টেশনগুলোর নিচের অংশ এখন বাহারি ফুল ও শোভাবর্ধনকারী গাছে ঘেরা।
বিআরটি স্টেশনের দেয়ালগুলোতে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন গ্রাফিতি এবং বসানো হয়েছে আধুনিক সড়কবাতি। সন্ধ্যা নামার সাথে সাথেই পুরো এলাকা নতুন রূপে জেগে ওঠে। গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক জানিয়েছেন, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নেই এই সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। শহরকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।