পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় এবার বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের যেসব স্থানে সেনাবাহিনীর অবস্থান রয়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, চলতি বছর সব মিলিয়ে ১১ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় আয়োজিত সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বনায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, শুধু গাছ রোপণ করাই সেনাবাহিনীর লক্ষ্য নয়; বরং রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করে সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও বাহিনী পালন করবে। দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীর অবস্থানরত এলাকাগুলোতে পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী ভবিষ্যতেও এমন সক্রিয় ভূমিকা পালন অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ বছরের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’