সিলেটে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া শিশুদের বয়স ১০ মাসের নিচে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মৃত শিশুদের নাম কামরুল, কৃষ্ণা ও নিহাদ। এই তিনজনের মৃত্যুসহ সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা এখন ৯৯ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে পরীক্ষায় নতুন করে কেউ হাম পজিটিভ হিসেবে শনাক্ত না হলেও, একই সময়ে হামের লক্ষণ ও সন্দেহ নিয়ে ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হওয়া (কনফার্মড) মোট ৫৩৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।