গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দেয়াল টপকে রিম্পা (২১) নামে এক বন্দি নারীর পালিয়ে যাওয়ার ঘটনায় সাত কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। কারাগারের নিরাপত্তা বেষ্টনী ভেঙে আসামি পলায়নের এই নজিরবিহীন ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি তদন্তের জন্য ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত রিপোর্টের ভিত্তিতে শুক্রবার তাদের বরখাস্ত করা হয়েছে।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বরত মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতর ও বাইরে ব্যাপক তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পলায়নের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।