গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন যে, এই প্রাকৃতিক দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের বড় একটি অংশ দেশটির উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।
গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।
এদিকে ভূমিকম্পের প্রভাবে প্রায় ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বর্তমানে তারা জনাকীর্ণ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, যার মধ্যে অনেকগুলোতেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম সংকট রয়েছে।
পুনর্গঠন কাজের বিষয়ে শুক্রবার দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণের জন্য ভেনেজুয়েলা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল ব্যবহার করবে। তবে এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।