টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র সময় রোববার সন্ধ্যা ৭টা থেকে এই নতুন দফার অভিযান শুরু হয়েছে। এই ধারাবাহিক অভিযানের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলার জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করে, তা দুর্বল করে দেওয়া।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সোমবার স্থানীয় সময় জানায় যে, যুক্তরাষ্ট্রের এই হামলায় দেশটির একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি ওমান উপসাগর তীরবর্তী চাবাহার ও কোনারাক, পারস্য উপসাগর উপকূলের মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি, হরমুজ প্রণালির উপকূলীয় শহর জাস্ক ও সিরিক এবং বন্দরনগরী বুশেহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব এলাকায় হামলা ও বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে, অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা চূড়ান্ত ফলাফল সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান এই ধারাবাহিক সামরিক উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।