সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) নতুন এই ভিডিওটি সামনে এল। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই নতুন ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নজরুল ইসলাম ও ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাদের ধরছেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি কক্ষ থেকে জাতীয় সংসদের একটি আইডি কার্ড প্রদর্শন করেন, যাতে ‘G. M. Nazrul Islam’ এবং ‘Member of Parliament’ লেখা স্পষ্ট ছিল।
ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা নজরুল ইসলামকে সাতক্ষীরা জামায়াতের লোক হিসেবে উল্লেখ করে তাকে হেনস্তা করেন। তারা ওই তরুণীর পরিচয় জানতে চাইলে তিনি শুরুতে নাম বলতে অস্বীকৃতি জানান। পরে তরুণী নিজের নাম মরিয়ম বলে পরিচয় দেন এবং ভিডিও ধারণকারীদের ঝামেলা না করার অনুরোধ জানান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এমপি নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে একটি লিখিত বিবৃতি দিয়েছেন। এতে তিনি ভিডিওর ওই তরুণীকে তার বৈধ দ্বিতীয় স্ত্রী হিসেবে নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম দাবি করেন, ঘটনাটি গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে ঘটেছিল। তার অভিযোগ, ঘটনার দিন রাত ১০টার দিকে চালক ওবায়দুল্লাহ তার কাছে পাঁচ লাখ টাকা এবং শ্বশুরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয়। নজরুল ইসলামের ভাষ্যমতে, দাবিকৃত চাঁদা না পেয়ে চালক ওবায়দুল্লাহ অফিসের সিসিটিভি ফুটেজ এডিট করে এই বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন, যা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্ল্যাকমেইলিং।