প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী স্পিকারের আগামী ২৬শে জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে সেই সূচি পরিবর্তন করা হয়েছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করবেন।
এদিকে, প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সুযোগ থাকলে শুক্রবারই প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। স্পিকারের দেশে ফেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করতে চাইলে স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।