ফিলিপাইনে সফর শেষে মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে দেশটির সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছেন তিনি। শনিবার মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম তাকে স্বাগত জানান। ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে তিনি মালদ্বীপে পৌঁছান।
ড. খলিলুর রহমানের এই সফরকে দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ভিত্তি হিসেবে কাজ করবে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালদ্বীপ সফরের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। সফর শেষে আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।