ঢাকার চারটি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিনব্যাপী ‘অ্যাডভ্যান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে শেষ হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া ৮০০ জন সদস্যের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সকল প্রশিক্ষণার্থীকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শপথ বাক্য পাঠ করানো হয়।
এই প্রশিক্ষণ সমাপ্তির পর আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজ বিনির্মাণে উদ্বুদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ ৪টি জোনের নির্ধারিত কেন্দ্রগুলোতে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল; দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি; পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার কেন্দ্রগুলোতে এই সফল আয়োজনের সমাপ্তি ঘটে।
ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থেকে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রশিক্ষণে প্রতিটি জোন থেকে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী সদস্য অংশ নেন। রাজধানী ঢাকার মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় টিডিপির এই আধুনিক ও উন্নত প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ও যাতায়াত ভাতা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।