সরকারি খরচ ও জনবল সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিসভার ১৮ জন সদস্যের পুলিশের এসকর্ট সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা মহানগর পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে। তবে এই সিদ্ধান্তের আওতায় সবাই পড়ছেন না। নিয়ম অনুযায়ী ৬ জন মন্ত্রী এবং মন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা এই এসকর্ট সুবিধা আগের মতোই পাবেন।
পুলিশ জানিয়েছে, ঢাকায় এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হলেও ঢাকার বাইরে মন্ত্রীদের জন্য এই সংক্রান্ত সব ধরনের নিরাপত্তা ও এসকর্ট সুবিধা বহাল থাকবে। এসকর্ট সুবিধা পাওয়া মন্ত্রী ও উপদেষ্টাদের তালিকায় রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তালিকায় আরও রয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী মর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সূত্রটি আরও জানায়, সরকারের সামগ্রিক সাশ্রয় নীতির অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে থাকা গাড়ির সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। এই পদক্ষেপের ফলে পুলিশের জ্বালানি ও জনবল সাশ্রয়ের পাশাপাশি যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। যদিও মন্ত্রীদের এসকর্ট প্রত্যাহারের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।