সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো— নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া উপাচার্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামানকে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের এই নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—যেটি আগে আসবে, ততদিন পর্যন্ত কার্যকর থাকবে। নতুন উপাচার্যরা তাদের মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে দায়িত্ব পালনের সময় তাদের সার্বক্ষণিকভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। জনস্বার্থে চ্যান্সেলর চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।