মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল পৃথকভাবে এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসগুলোর সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।
জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষভাবে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জর্ডান সরকারের নির্দেশনা অনুসরণ এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এলো। সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা করছে।