রাজধানীর মিরপুরের পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপিকর্মীসহ মোট দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী মো. আলমগীর হোসেনের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটে শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে। মিরপুর-১১ মিল্লাত ক্যাম্পে একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে করে সেখানে উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
আহত আলমগীরের চাচা মোহাম্মদ আশিক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আলমগীরকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই ভর্তি রয়েছেন। আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান পাছায় গুলি লেগেছে।
পেশায় মাছ ব্যবসায়ী আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানার একজন বিএনপিকর্মী। তিনি বর্তমানে মিরপুর-১১ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মিরপুর এলাকা থেকে এক বিএনপিকর্মী ও এক নারী গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। আলমগীরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অপর নারী অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।