ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন নেপালে তার নতুন সিনেমা 'শিকার'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কাজের ফাঁকে নেপালের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি এক অন্যরকম ভয়ের মুখোমুখি হয়েছেন এই নায়িকা।
বৃহস্পতিবার শুটিংয়ের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে তিনি পোখারার অন্নপূর্ণা অঞ্চলে ঘুরতে যান। সেখানে পাহাড়ের ওপর দিয়ে কেবল কারে চড়ার অভিজ্ঞতা নিতে গিয়েই মূলত আতঙ্কিত হয়ে পড়েন তিনি। নিজের এই অভিজ্ঞতার কথা ভক্তদের জানাতে তিনি ফেসবুক লাইভে আসেন। লাইভ ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভীষণ ভয় লাগছে।'
অপু বিশ্বাস জানান, কেবল কারটি পাহাড়ের অনেক উঁচু দিয়ে চলাচল করায় উচ্চতা দেখে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আগে কেবল কারে চড়ার অভিজ্ঞতা থাকলেও নেপালের অন্নপূর্ণার এই ভ্রমণের অনুভূতি ছিল একেবারেই ভিন্ন। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় কেবল কার চলতে থাকায় এবার রোমাঞ্চের চেয়ে ভয়ই বেশি কাজ করেছে তার মনে। তবে সেই ভয়কে জয় করেই তিনি পুরো মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেছেন।
উচ্চতাভীতিতে ভোগা মানুষদের জন্য সতর্কবার্তাও দিয়েছেন এই অভিনেত্রী। অপু বিশ্বাসের মতে, যাদের উচ্চতাভীতি কিংবা হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে, তাদের এমন রোমাঞ্চকর কেবল কার ভ্রমণে না যাওয়াই ভালো। শুটিং এবং নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই ভ্রমণে মায়ের আবেগও তার মনে নাড়া দিয়ে গেছে। দূরদেশে অবস্থান করার কারণে বারবার নিজের সন্তানের কথা মনে পড়ছে বলেও ফেসবুক লাইভে উল্লেখ করেছেন তিনি।