সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে মৃতদেহগুলো আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে রিয়াদের ওই সোফা কারখানায় আগুন লাগে। নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুরুতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে তা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন গ্রামে এখনো খোঁজখবর নেওয়া হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আত্রাইয়ের নিহতরা হলেন—বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
অন্যদিকে, নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানিয়েছেন, ওই কারখানায় আগুনে পুড়ে নিহতদের মধ্যে তাদের এলাকার তিন বাসিন্দা রয়েছেন। নিহতরা হলেন—খাজুরা শ্রীপুরপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন সোহাগ, দিঘীর পাড় এলাকার জাকের হোসেনের ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বীর দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।